‘জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন’

বাংলা টিভি ডেস্ক: জামায়াত-শিবিরের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থেও বিএনপির ক্ষমতায় থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।
রোববার সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করে জারি করা সরকারি প্রজ্ঞাপনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, সরকারি প্রচারসামগ্রীতে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত রাষ্ট্র সংস্কারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবিও বর্তমানে সরকারি দপ্তরে ব্যবহার করা হচ্ছে না। তার ভাষায়, এটিই রাষ্ট্র পুনর্গঠন ও কাঙ্ক্ষিত পরিবর্তনের প্রতিফলন।
তিনি আরও দাবি করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান ধাপে ধাপে পরিবর্তন বাস্তবায়ন করবেন। এ জন্য কিছুটা সময় ও ধৈর্যের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি বলেন, সাড়ে চার মাসের সরকার ইতোমধ্যে কথার সঙ্গে কাজের মিল দেখিয়েছে এবং ভবিষ্যতে স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’-এর সব অঙ্গীকার বাস্তবায়ন করবে বিএনপি।
চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর সমালোচনা করেন। তিনি বলেন, পরস্পরের দ্বন্দ্বে জড়িয়ে রাষ্ট্রের কোনো ইতিবাচক পরিবর্তন সম্ভব নয়। বিএনপি ব্যর্থ হলে বর্তমান বিরোধী শক্তিগুলো দেশের দায়িত্ব নেওয়ার মতো অবস্থানে রয়েছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
তার মতে, বিরোধী দলগুলোর আরও ১০ থেকে ১৫ বছর বিরোধী দলে থেকে নিজেদের সাংগঠনিক সক্ষমতা ও রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি করা উচিত। এরপরই ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করা উচিত বলে তিনি মত দেন। অন্যথায় ক্ষমতার প্রতিযোগিতায় রাষ্ট্র অস্থিতিশীল হলে তার সুযোগ আওয়ামী লীগ নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষদিকে রাশেদ খাঁন লেখেন, আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় ফিরলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে জামায়াত। তাই জামায়াত-শিবিরের টিকে থাকার স্বার্থেও বিএনপির ক্ষমতায় থাকা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।



