‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি এবং তাদের শোক প্রকাশের দৃশ্য দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ধারণা ছিল, ইরানের সাধারণ জনগণ এই ধর্মীয় ও রাজনৈতিক নেতার প্রতি বিরূপ মনোভাব পোষণ করে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, খামেনির মৃত্যুর পর ইরানজুড়ে মানুষের স্বতঃস্ফূর্ত শোকের চিত্র দেখে তার আগের ধারণা ভুল প্রমাণিত হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে।’
একই সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, চাইলে যুক্তরাষ্ট্র মুহূর্তের মধ্যেই ওই শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত সবাইকে সামরিক শক্তির মাধ্যমে নিশ্চিহ্ন করে দিতে সক্ষম। তবে তিনি বলেন, এমন পদক্ষেপ নিলে ভবিষ্যতে আলোচনার জন্য আর কেউ অবশিষ্ট থাকবে না। সে কারণেই তিনি এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন না।
ট্রাম্প আরও জানান, বর্তমান পরিস্থিতিতে খামেনির শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্র পারস্পরিক আলোচনায় সাময়িক বিরতি দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। তিনি বলেন, শেষকৃত্য চলাকালে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের গুলিবর্ষণ বা সামরিক অভিযান চালাবে না।
সূত্র: ডন



