Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

আমাকে দেখে কি বেকুব মনে হয়?: পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের

বাংলা টিভি ডেস্ক: খুলনার শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্প দীর্ঘ ১৩ বছরেও শেষ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে তিনি কাজের ধীরগতি, পরিকল্পনার অসামঞ্জস্য এবং পানি নিষ্কাশন ব্যবস্থার ত্রুটি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোরভাবে প্রশ্ন করেন।

শনিবার (৪ জুলাই) প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে প্রকল্প এলাকা ঘুরে দেখেন মন্ত্রিপরিষদ সচিব। এ সময় স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সড়কের কাজ অসমাপ্ত থাকায় তাদের ভোগান্তির কথা তুলে ধরেন।

পরিদর্শনের সময় সড়কের একপাশে নির্মিত স্লুইসগেটের সামনেই বাঁধ দিয়ে পানি চলাচলের পথ বন্ধ করে রাখার বিষয়টি দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। প্রকল্প পরিচালকের (পিডি) ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে তিনি বলেন, পানি বের হওয়ার ব্যবস্থা রেখে আবার সেটির সামনেই বাঁধ দেওয়ার কোনো যৌক্তিকতা নেই।

এ সময় তিনি সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখে নির্মাণকাজের মান, নকশা এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৭ মে একনেক সভায় ৯৮ কোটি টাকা ব্যয়ে শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্প অনুমোদন পায়। পরে ২০২০ সালের ২১ জুলাই দ্বিতীয় দফায় প্রকল্প সংশোধন করে ব্যয় বাড়িয়ে ২৫৯ কোটি টাকা করা হয়। তবে অতিরিক্ত সময় ও অর্থ বরাদ্দের পরও প্রকল্পের অগ্রগতি আশানুরূপ হয়নি।

পরবর্তীতে গত ৯ জুন তৃতীয় দফায় প্রকল্প সংশোধনের প্রস্তাবে ব্যয় ২৮০ কোটি টাকায় উন্নীত করার আবেদন করা হয়। দীর্ঘ সময়েও কাজ শেষ না হওয়ায় একনেক সভায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয় এবং কাজ বিলম্বের কারণ অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে সংশোধিত প্রকল্প প্রস্তাবটি ফেরত পাঠানো হয়।

এ ঘটনায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব সিরাজুন নূর চৌধুরী।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে নাসিমুল গনি জানান, কেন প্রকল্পটি এত বছরেও শেষ হয়নি, বর্তমান অগ্রগতি এবং কাজের মান—এসব বিষয় সরেজমিনে পর্যালোচনা করা হয়েছে। দ্রুত প্রকল্পের কাজ শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button