খামেনির জানাজায় বাতাসে উড়ছে প্রতিশোধের লাল পতাকা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাকে কেন্দ্র করে রাজধানী তেহরানে শোকমিছিলে অংশ নেওয়া বহু সমর্থকের হাতে দেখা গেছে লাল পতাকা, যা তাদের কাছে প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত।
শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত এ শোক কর্মসূচিতে শত শত মানুষ লাল পতাকা বহন করেন। এ বিষয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফেলো মোহাম্মদ ইসলামি বলেন, খামেনির অনুসারীরা এই পতাকাকে প্রতিশোধের প্রতীক হিসেবে ব্যবহার করছেন।
তার ভাষ্য অনুযায়ী, সমর্থকদের একটি অংশ তাদের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছেন। তিনি আরও বলেন, খামেনি কেবল একজন রাষ্ট্রপ্রধান ছিলেন না; ইরানে তার অবস্থান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর প্রতীকী গুরুত্বসম্পন্ন।
অন্যদিকে জানাজায় অংশ নিতে দেশ-বিদেশ থেকে বিপুলসংখ্যক মানুষের আগমনের কারণে তাদের আবাসনের ব্যবস্থা করতে ইরানজুড়ে পাঁচ হাজারের বেশি স্কুল খুলে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএর বরাতে জানা গেছে, তেহরানসহ বিভিন্ন প্রদেশে ৫ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রায় ৪০ থেকে ৫০ হাজার শ্রেণিকক্ষ তীর্থযাত্রীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জানাজায় তেহরানে এক কোটিরও বেশি মানুষের উপস্থিতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধিরাও এই রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিয়েছেন।



