সীমান্তে বিএসএফের লাইট বন্ধ, পুশইন সন্দেহে পাহারায় বিজিবি-গ্রামবাসী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কয়েক দফায় আলো নিভিয়ে দেয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে পুশইনের আশঙ্কা তৈরি হলে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় মধ্যরাতে লাঠিসোঁটা ও টর্চলাইট নিয়ে পাহারায় নামেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়রা।
শুক্রবার (৩ জুলাই) রাত ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, ওই রাতে হঠাৎ করে চাকপাড়া সীমান্তের বিভিন্ন স্থানে আলো নিভিয়ে দেয় বিএসএফ। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে আতঙ্ক তৈরি হয়। একই সঙ্গে ভারতের অভ্যন্তর থেকে কয়েকজন নারী-পুরুষকে সীমান্ত শূন্যরেখার দিকে নিয়ে আসা হয়েছে—এমন খবরও ছড়িয়ে পড়ে। এতে সম্ভাব্য পুশইনের আশঙ্কায় স্থানীয়রা লাঠিসোঁটা ও টর্চলাইট নিয়ে সীমান্তে জড়ো হন।
তবে রাত ১২টা পর্যন্ত কয়েক দফা আলো নিভিয়ে রাখা হলেও কোনো অনুপ্রবেশ বা পুশইনের ঘটনা ঘটেনি। ওই সময় সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যদের উপস্থিতি ছাড়া অন্য কোনো কার্যক্রম দেখা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। বিজিবি সদস্যরা চাকপাড়া সীমান্তে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন। তিনি আরও বলেন, স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
এর আগে গত জুন মাসে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সীমান্ত দিয়ে চার দফায় নারী, পুরুষ ও শিশুসহ ৬৪ জনকে পুশইনের চেষ্টা করা হয়েছিল বলে জানায় বিজিবি। তবে স্থানীয়দের তথ্য ও সহযোগিতায় সেসব চেষ্টা ব্যর্থ করা হয়।



