Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতি

মাস্ক পরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক

বাংলা টিভি ডেস্ক: খাগড়াছড়ি সরকারি কলেজে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মুখে মাস্ক পরা অবস্থায় অজ্ঞাত দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ব্যবহার করে স্মৃতিস্তম্ভে আগুন দেয় বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতা মো. রনিকে আটক করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) ভোরে খাগড়াছড়ি সদর উপজেলার সবুজবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আটক মো. রনি জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশের দাবি, ঘটনাটি ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটিয়েছে। তবে বৃষ্টি এবং স্মৃতিস্তম্ভটি লোহার তৈরি হওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সংশ্লিষ্টরা সামাজিক যোগাযোগমাধ্যমে আগুন দেওয়ার একটি ভিডিও প্রচার করেছে বলেও জানানো হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মুখে মাস্ক পরা এক যুবক স্মৃতিস্তম্ভের চারপাশে পেট্রোলজাতীয় দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে। ঘটনাস্থল থেকে প্লাস্টিকের বোতলও উদ্ধার করা হয়েছে।

খাগড়াছড়ি সরকারি কলেজের নৈশপ্রহরী সেনময় ত্রিপুরা জানান, রাত সাড়ে ৯টার দিকে দুই যুবক সাংগঠনিক কাজের কথা বলে কলেজে প্রবেশ করে। কিছু সময় পরই স্মৃতিস্তম্ভে আগুন জ্বলতে দেখা যায়।

ছাত্র প্রতিনিধি জাহিদ হাসান এ ঘটনার নিন্দা জানিয়ে ছাত্রলীগের পলাতক কর্মীদের দায়ী করেন। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড তাদের সহিংস মানসিকতার প্রকাশ এবং দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু জানান, ওই রাতে বৃষ্টি ছিল এবং কোনো এক সময় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তিনি বলেন, ঘটনাটির সঙ্গে জড়িত সন্দেহে জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. রনিকে আটক করা হয়েছে। তিনি জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতির বড় ভাই বলেও জানান তিনি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button