বাংলা টিভিতে সংবাদ প্রকাশের পর অবৈধ বালু উত্তোলনে অভিযান, ৫ ড্রেজার জব্দ

মাদারীপুর প্রতিনিধি: বাংলা টিভিতে অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশের একদিন পরই মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের কানুরগাঁও, খাসেরহাট, সূর্যমনি চ্যানেল ও কাচিকাটা চ্যানেলে প্রায় চার ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফিন।
অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত মোট পাঁচটি ড্রেজার জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
জব্দ করা ড্রেজারগুলো স্থানীয় ইউপি সদস্য নূর ইসলামের জিম্মায় রাখা হয়েছে। একই সঙ্গে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলমকে এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন জানান, নদী ও খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।



