Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় স্কুলছাত্রকে হত্যা, দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

বাংলা টিভি ডেস্ক: ময়মনসিংহে দশম শ্রেণির শিক্ষার্থী সৈকত হাসান আকাশ (১৫) হত্যা মামলায় দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। এছাড়া মামলার আরও দুই আসামিকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের অতিরিক্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মো. সামছুদ্দিন এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন নাজমুল হক (২৬) ও এনামুল হক। অপর দণ্ডপ্রাপ্তরা হলেন তাদের বাবা জিয়াউল হক (৫৭) এবং চাচা জুলহাস উদ্দিন (৩৭)। তারা সবাই ময়মনসিংহ সদর উপজেলার ভূগলী নয়াপাড়া গ্রামের বাসিন্দা।

রায় ঘোষণার সময় নাজমুল হক, জিয়াউল হক ও জুলহাস উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এনামুল হক পলাতক রয়েছেন বলে জানা গেছে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি মো. আবু হানিফ খান এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. রফিকুল ইসলাম খান।

আদালত সূত্রে জানা যায়, অষ্টধার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আকাশের সঙ্গে স্থানীয় ইউপি সদস্য জিয়াউল হকের মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে পরিবারের পক্ষ থেকে সম্পর্কটি মেনে নেওয়া হয়নি।

পরবর্তীতে ২০২১ সালের ১৯ মে রাতে মেয়েটিকে দিয়ে আকাশকে ডেকে নেওয়া হয়। এরপর তাকে গলা কেটে হত্যা করে মরদেহ মাটিচাপা দেওয়া হয়। দুই দিন পর, ২১ মে, পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের বাবা মো. আকরাম হোসেন ২২ মে কোতোয়ালি মডেল থানায় ১৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২২ সালের ১৪ জানুয়ারি চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

ময়মনসিংহ আদালতের পরিদর্শক পি এস এম মোস্তাছিনুর রহমান জানান, রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button