শাহজালালে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে মিলল ১৯ কেজি স্বর্ণ

বাংলা টিভি ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, কাস্টমস এবং একটি গোয়েন্দা সংস্থা।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বিমানটির কার্গোহোল থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের পরিমাণ প্রায় ১৯ কেজি, যার বাজারমূল্য আনুমানিক ৪৫ কোটি টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ নিশ্চিত করেন যে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। ফ্লাইটটি (বিজি ১৪৮) দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় অবতরণ করে।
অভিযানে মোট ১৬০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, স্বর্ণ চোরাচালানের সঙ্গে কারা জড়িত তা শনাক্তে তদন্ত চলছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।



