Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

মেয়ে পরীক্ষার হলে, বাইরে তসবিহ হাতে মায়ের প্রার্থনা

বাংলা টিভি ডেস্ক: এইচএসসি পরীক্ষায় অংশ নিতে মেয়েকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়ে বাইরে উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করছিলেন মা ফরিদা ইয়াসমিন। হাতে তসবিহ নিয়ে মেয়ের ভালো ফল ও সফলতা কামনায় দোয়া করতে দেখা যায় তাকে।

বৃহস্পতিবার রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রের সামনে এমন আবেগঘন দৃশ্য দেখা যায়। পরীক্ষা চলাকালে অনেক অভিভাবকই সন্তানের জন্য অপেক্ষা করছিলেন, যার মধ্যে ছিলেন ফরিদা ইয়াসমিনও।

তিনি জানান, ছোটবেলা থেকেই মেয়ের পড়াশোনার দায়িত্ব নিজেই পালন করেছেন। অষ্টম শ্রেণি পর্যন্ত কোনো প্রাইভেট শিক্ষকের কাছে পড়ানো হয়নি। এসএসসি পরীক্ষায় মেয়ের ভালো ফলের কথা উল্লেখ করে তিনি বলেন, এবারও একই ধরনের সাফল্যের প্রত্যাশা করছেন।

পরীক্ষা শুরুর আগে অনেক পরীক্ষার্থীকে বাবা-মাকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হতে দেখা যায়। সকাল সাড়ে ৮টা থেকেই পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেন। কেন্দ্রের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের সমমানের পরীক্ষাও শুরু হয়েছে। সব মিলিয়ে এ বছর ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।

প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএম) শাখায় বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এ বছর মোট ৭৭টি বিষয়ে ২১ দিনে লিখিত পরীক্ষা নেওয়া হবে। সাধারণ ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা আগামী ৮ আগস্ট শেষ হবে। এরপর ৯ থেকে ১৫ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন কোর্সের তাত্ত্বিক পরীক্ষা জুলাই মাস এবং আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button