পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন

বাংলা টিভি ডেস্ক: প্রশাসনিক জটিলতা নিরসনে পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের প্রস্তাবও অনুমোদন করেছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
বুধবার (১ জুলাই) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত নিকারের ১২১তম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পের একটি অংশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এবং অন্য অংশ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত। তিন জেলার প্রশাসনিক সীমার সঙ্গে সম্পৃক্ত থাকায় প্রকল্পটির বিভিন্ন কার্যক্রম পরিচালনায় দীর্ঘদিন ধরে জটিলতা দেখা দিচ্ছিল। এ কারণে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পুরো প্রকল্প এলাকা ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয়। নিকার সভায় সেই প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
সভায় আরও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ নামে তিনটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়।
এ ছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ নামে একটি নতুন থানা প্রতিষ্ঠার প্রস্তাবও নিকার সভায় অনুমোদন পেয়েছে।



