মোদির মুখের আদলে তৈরি মুখোশ পরে চুরির চেষ্টা, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থান রাজ্যের ভিলওয়ারা জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখাবয়বের আদলে তৈরি মুখোশ পরে একটি মোবাইল ফোনের দোকানে চুরির চেষ্টা করেছেন এক ব্যক্তি। তবে শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হন। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এবং পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ঘটনাটি ঘটে রোববার রাতে, কারেদা থানা এলাকায়। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখোশধারী ওই ব্যক্তি একটি লোহার রড দিয়ে দোকানের তালা ভাঙার চেষ্টা করছেন। মুখে তিনি প্রধানমন্ত্রী মোদীর মুখের অনুরূপ একটি মুখোশ পরেছিলেন, যা সাধারণত রাজনৈতিক জনসভায় ব্যবহৃত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, একাধিকবার চেষ্টা করেও তিনি তালা ভাঙতে ব্যর্থ হন এবং পরে ঘটনাস্থল ত্যাগ করেন। দোকানের সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি রেকর্ড হয়, যা পরে প্রকাশ্যে আসে।
ভিডিওটি ‘সচিন গুপ্ত’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হলে দ্রুতই তা ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।
কারেদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুরণমল মিনা পিটিআইকে জানান, চুরির সময় অভিযুক্ত ব্যক্তি প্রধানমন্ত্রী মোদীর মুখাবয়বের মুখোশ পরে ছিলেন। তবে আশপাশের অন্যান্য সিসিটিভি ফুটেজে তার মুখ দেখা গেছে এবং তাকে শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ আরও জানিয়েছে, দিনের বেলাতেও একই ব্যক্তিকে ওই এলাকায় মুখোশ ছাড়া ঘোরাফেরা করতে দেখা গেছে। চুরির চেষ্টার ঘটনাস্থল থেকে প্রায় ৮০০ মিটার দূরে আরেকটি মোবাইল দোকানে একই রাতে চুরির ঘটনা ঘটে। তবে দুটি ঘটনার মধ্যে ওই ব্যক্তির সম্পৃক্ততা আছে কি না, তা এখনো নিশ্চিত করা যায়নি।
সূত্র: পিটিআই



