প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের শামলি জেলায় প্রেমের সম্পর্কের টানে ইসলাম ধর্ম গ্রহণ করে পরে আবার হিন্দু ধর্মে ফিরে আসার ঘটনা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ওই যুবকের প্রেমিকা ও তার বাবাকে ধর্মান্তর বিরোধী আইনে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আয়ুষ মালিক নামে ওই যুবক প্রায় তিন বছর আগে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। পরে তিনি আবারও নিজের পূর্ব ধর্মে ফিরে আসেন।
ঘটনার সূত্রপাত ২০১৮ সালে। সেসময় আয়ুষ মালিক পায়ে আঘাত পান এবং চিকিৎসার জন্য হাসপাতালে গেলে ফিজিওথেরাপিস্ট চাঁদনি কুরেশির সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং এক পর্যায়ে সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগ অনুযায়ী, পরে চাঁদনির পরিবারের পক্ষ থেকে আয়ুষের ওপর ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়া হয়। একপর্যায়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণে রাজি হন। পরিবার তখন এই সিদ্ধান্তে সমর্থন দেয়নি বলে জানা যায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৩ সালে চাঁদনির পরিবারের সদস্যরা আয়ুষকে দিল্লিতে নিয়ে যান, সেখানেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নতুন নাম নেন মোহাম্মদ আলী। এরপর তিনি দাড়ি রাখা, পোশাক পরিবর্তন এবং নামাজ আদায়ের মতো ধর্মীয় অনুশীলন শুরু করেন।
তবে তিন বছর পর তিনি ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও হিন্দু ধর্মে ফিরে আসেন। আয়ুষ বলেন, “আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম, কিন্তু পরিবারের কষ্ট দেখে সিদ্ধান্ত নিয়েছি আবার নিজের ধর্মে ফিরে আসব এবং পরিবারের সঙ্গে থাকব।”
পরবর্তীতে তিনি চুল-দাড়ি কেটে পুনরায় হিন্দু ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন। তার বাবা দেবরাজ মালিক দাবি করেন, তার ছেলে সনাতন ধর্মে ফিরে এসেছে।
দেবরাজ মালিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ চাঁদনি কুরেশি এবং তার বাবাকে গ্রেপ্তার করেছে। তার আরও অভিযোগ, ধর্ম পরিবর্তনের মাধ্যমে পরিবারের বিপুল সম্পত্তি হাতানোর পরিকল্পনা ছিল।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ধর্মান্তর বিরোধী আইনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।



