‘৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলতে হবে, না হলে জনগণই খুলে দেবে’

বাংলা টিভি ডেস্ক: ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্ধারিত সময়ের মধ্যে এটি চালু না হলে জনগণ নিজেরাই প্রবেশের ব্যবস্থা নেবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।
বুধবার (১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন না হলে জনগণ নিজেরাই সেটি খুলে প্রবেশ করবে বলে তিনি সতর্ক করেন।
তিনি আরও বলেন, জুলাই হত্যাকাণ্ড সংক্রান্ত মামলাগুলোর তদন্ত ও বিচার প্রক্রিয়া ধীরগতিতে চলছে, যা দ্রুততর করা প্রয়োজন। একই সঙ্গে ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে ঘোষিত মামলার বিচার সম্পন্ন করে ফাঁসির রায় কার্যকর করা উচিত বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।
এ সময় তিনি হাসানুল হক ইনুর প্রসঙ্গ টেনে বলেন, শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ইনুর ১০ বছরের সাজা যথেষ্ট নয়। আপিলের মাধ্যমে আরও কঠোর শাস্তির প্রত্যাশা করেন তিনি।
সরকারের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, শুধু আনুষ্ঠানিক কর্মসূচি নয়, জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের পাশাপাশি রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কারও নিশ্চিত করতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী সামনে থাকলেও সরকার এখনো কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করেনি। দ্রুত এ বিষয়ে কর্মসূচি ঘোষণার আহ্বান জানান তিনি।



