Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

এইডস আক্রান্তের ৬৬ শতাংশ সমকামী, বয়স ১৮ থেকে ২৬

বাংলা টিভি ডেস্ক: রাজশাহী বিভাগে এইচআইভি (এইডস) আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য সংশ্লিষ্ট সূত্র। গত ছয় বছরে বিভাগের আট জেলায় মোট ৭৯৪ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে।

এর মধ্যে শুধু রাজশাহী জেলাতেই ২০১৯ সাল থেকে ২০২৬ সালের মে পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১৩৯ জন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, আক্রান্তদের বড় অংশের বয়স ১৮ থেকে ২৬ বছরের মধ্যে।

তথ্য অনুযায়ী, রাজশাহী জেলায় শনাক্ত ১৩৯ জনের মধ্যে ৯২ জনকে সমকামী হিসেবে শনাক্ত করা হয়েছে, যা মোট আক্রান্তের প্রায় ৬৬ শতাংশ।

বিভাগীয় পরিসংখ্যানে দেখা যায়, সিরাজগঞ্জ জেলায় সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে, এরপর রয়েছে রাজশাহী জেলা। সবচেয়ে কম আক্রান্তের সংখ্যা চাঁপাইনবাবগঞ্জে।

চিকিৎসকদের মতে, সামাজিক সচেতনতার অভাব, পরীক্ষায় অনীহা এবং সংকোচের কারণে অনেক সংক্রমিত ব্যক্তি সময়মতো চিকিৎসার আওতায় আসছেন না। এতে করে সংক্রমণ নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে পড়ছে।

রামেকে কর্মরত এইচআইভি সংক্রমণ বিশেষজ্ঞ চিকিৎসক ইব্রাহিম মোহাম্মদ শারৎ বলেন, প্রতিদিনই নতুন রোগী শনাক্ত হচ্ছে। তার মতে, অনেকেই আগে থেকেই আক্রান্ত হলেও পরীক্ষার বাইরে থাকায় চিকিৎসা গ্রহণ করতে পারেননি। ফলে সংক্রমণ ধীরে ধীরে বাড়ছে।

অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুর রহমান জানান, অনিরাপদ যৌনসম্পর্ক, অনিরাপদ রক্তসঞ্চালন, ব্যবহৃত সিরিঞ্জ এবং মাদকাসক্তির মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তিনি বলেন, নিয়মিত স্ক্রিনিং কার্যক্রম চলমান রয়েছে এবং প্রতিরোধে কাজ করছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, এইচআইভি প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা, সহজলভ্য পরীক্ষা ব্যবস্থা এবং আক্রান্তদের প্রতি বৈষম্যহীন সামাজিক পরিবেশ নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে সংক্রমণের ঝুঁকি আরও বাড়তে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button