Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

সিলেটে পৌঁছাল কাতারে নিহত ৫ প্রবাসীর লাশ

বাংলা টিভি ডেস্ক: কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল পৌনে ৭টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।

বিমানবন্দরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর অ্যাম্বুলেন্সযোগে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয় এবং নিজ নিজ গ্রামের বাড়ির উদ্দেশে পাঠানো হয়।

এ সময় নিহতদের পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ বিমানবন্দরে উপস্থিত ছিলেন। সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসানও সেখানে উপস্থিত থেকে শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।

নিহতরা হলেন কানাইঘাট উপজেলার গাছবাড়ী গ্রামের আবদুল কাদির, মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান ও জুবায়ের আহমেদ, আগাতালুক গ্রামের জসিম উদ্দিন এবং আমরপুর গ্রামের জিবাল আহমেদ।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহত প্রত্যেক পরিবারের জন্য প্রাথমিকভাবে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী পরবর্তীতে আরও ৩ লাখ টাকা অনুদান প্রদান করা হবে।

মঙ্গলবার জোহরের নামাজের পর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের আকুনি মাদ্রাসা মাঠে পাঁচ প্রবাসীর সম্মিলিত জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে তাদের নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, গত ২১ জুন সকালে কাতারের শাহানিয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ওই পাঁচ বাংলাদেশি প্রবাসী নিহত হন। বিষয়টি নিশ্চিত করে সোমবার কাতারে বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইং এক বিজ্ঞপ্তি প্রকাশ করে।

সংশ্লিষ্ট খবর

Back to top button