Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে সজারু: ভাইরাল ভিডিওর আসল ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি একটি হৃদয়ছোঁয়া ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সবুজ ধানক্ষেতের মাঝের সরু আইল ধরে হেঁটে যাচ্ছে এক ছোট্ট শিশু। তার কোলে গন্ধগোকুলের মতো দেখতে একটি প্রাণী, আর পেছন পেছন শান্তভাবে হাঁটছে একটি বড় সজারু। ব্যতিক্রমী এই দৃশ্য অনেকের কাছেই রূপকথার গল্পের মতো মনে হয়েছে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে দাবি করা হয়, এটি বাংলাদেশের কোনো গ্রামের দৃশ্য। এমনকি কয়েকটি সংবাদমাধ্যমও যাচাই ছাড়াই ভিডিওটিকে বাংলাদেশের বলে প্রকাশ করে।

তবে পরে বিষয়টি নিয়ে অনুসন্ধান চালিয়ে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানায়, ভিডিওটি বাংলাদেশের নয়; এটি শ্রীলঙ্কার একটি গ্রামীণ এলাকায় ধারণ করা হয়েছে। ভিডিওতে শিশুটিকে সিংহলি ভাষায় কথা বলতেও শোনা যায়, যা এর প্রকৃত অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়।

রিউমর স্ক্যানারের তথ্য অনুযায়ী, গত ১২ জুন শ্রীলঙ্কার বাসিন্দা প্রভাত সিলভা প্রথম ভিডিওটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন। সিংহলি ভাষায় দেওয়া ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘ছোট ভাই তার বোনের সঙ্গে ধানক্ষেতে যাচ্ছে।’ তার ফেসবুক প্রোফাইলে একই শিশু এবং প্রাণীগুলোকে নিয়ে আরও বেশ কয়েকটি ছবি ও ভিডিও রয়েছে।

ভিডিওটির অবস্থান নিয়ে বিভ্রান্তি তৈরি হলেও, শিশুটির প্রাণীদের প্রতি আন্তরিক মমতা ও স্নেহ সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীদের হৃদয় ছুঁয়ে গেছে। দেশ বা সীমানা ভিন্ন হলেও মানুষ ও প্রাণীর এই সুন্দর সম্পর্কই ভিডিওটির সবচেয়ে আকর্ষণীয় দিক হিসেবে উঠে এসেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button