
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান কোনোদিন ভুলবার নয়, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ভারতের অবদান ইতিহাসে লেখা থাকবে, এমন মন্তব্য করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার কলকাতা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
কলকাতায় দ্বিতীয়বারের মতো বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধনের পরদিন শনিবার সন্ধ্যায় প্রেসক্লাবে পৌঁছে প্রথমেই কাশ্মীরে পুলওয়ামায় নিহত সেনা স্মৃতি বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্যমন্ত্রী বলেন,ঢাকা প্রেসক্লাবে সপ্তাহে দুই-তিন বার যেতে হয়। কলকাতা প্রেসক্লাবে আসার সুপ্ত ইচ্ছা ছিলো, সেই ইচ্ছা পূরণ হলো। আমি সাড়ে তিন ঘন্টা ভ্রমণ করে শান্তিনিকেতন থেকে আসছি। আপনাদের আতিথেয়তায় আমার ক্লান্তি চলে গেছে।
বক্তব্যের শুরুতেই মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান কোনোদিন ভুলবার নয়, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ভারতের অবদান ইতিহাসে লেখা থাকবে। এরপরই তিনি সম্প্রতি কাশ্মীরে নিহত সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার গভীর শোকবার্তার কথা উল্লেখ করেন।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক চিরদিনের উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন,এই সম্পর্ক চির অটুট থাকবে। এই সম্পর্ক নিয়ে আমাদের দুই দেশের এখনো পথচলা। এই পথচলার মধ্যেই আমাদের দ্বিপক্ষীয় সংস্কৃতির আদান–প্রদান হয়। সংস্কৃতি অঙ্গন উজ্জীবিত হয়। দুদেশের উদ্যোগে আমাদের সৌহার্দ্য উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। একাজে সাংবাদিকদের বড় ভূমিকা আছে, আর তা আপনারা পালন করে চলেছেন।
এরপর হাছান মাহমুদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন। জঙ্গিবাদ বিষয়ক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘জঙ্গি সমস্যা আজ দুই দেশে বড় সমস্যা। দু’দেশের সরকার তা কঠোর হাতে মোকাবিলা করছে। দু’দেশের সরকারের সমন্বিত সহযোগিতায়ই পালিয়ে থাকা জঙ্গিরা ধরা পড়ছে।’
কবে থেকে বাংলাদেশি টিভি চ্যানেলগুলো কলকাতায় দেখা যাবে-এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন,আমরা তো চাই এখানে দেখানো হোক। কিন্তু এখানকার ক্যাবল অপারেটররা প্রতি চ্যানেলে পাঁচ কোটি টাকা চাইছে অথচ আমরা ভারতীয় চ্যানেলগুলো থেকে মাত্র দুই লাখ টাকা নেয়। খুব শিগগিরই বাংলাদেশের সরকারি চ্যানেল বিটিভি এখানে দেখা যাবে। বাকিগুলো নিয়েও কথা চলছে। এখানকার ক্যাবল অপারেটরদের বলতে চাই, টাকার অঙ্কটা কমান, তাহলেই বেসরকারি চ্যানেলগুলো আসতে পারবে।
জাল টাকা প্রসঙ্গে প্রশ্নের উত্তরে ড. হাছান মাহমুদ বলেন,অবশ্যই জাল কারেন্সি যেকোনো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করে। এর মোকাবিলা আমরাও করছি। রুপি বা টাকার পাশাপশি এখন ডলারও জাল হবার খবর রয়েছে। দুই দেশ এ নিয়ে সতর্ক আছে। চেষ্টা করছি যাতে অচিরেই এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
বিভিন্ন প্রশ্নে তথ্যমন্ত্রীর বাংলা, হিন্দি ও ইংরেজিতে দেয়া উত্তর সাংবাদিকদের কাছে প্রশংসিত হয়। কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসান এসময় উপস্থিত ছিলেন। সোমবার ড. হাছান মাহমুদের দেশে ফেরার কথা রয়েছে।
এর আগে শুক্রবার বিকেলে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ কলকাতায় দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধন করেন ও জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত কলকাতার বেকার হোস্টেল, শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন।
বাংলাটিভি/রাজ



