পাওনা টাকা নিয়ে বিরোধে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, নিহত ১, আহত ৩০

ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি ও ধরন্তী গ্রামের বাসিন্দাদের মধ্যে পাওনা টাকা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।
রোববার রাত পৌনে ৮টা থেকে পৌনে ১১টা পর্যন্ত কালিকচ্ছ বাজার এলাকায় এ সংঘর্ষ চলে। নিহত মো. খাদিম মিয়া (৫৫) ধরন্তী গ্রামের মৃত শামছু মিয়ার ছেলে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, বিলে মাছ ধরার পাটি কেনা বাবদ পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কালিকচ্ছ বাজারে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় খাদিম মিয়াকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. আলী আযম রাকিব তাকে মৃত ঘোষণা করেন।



