Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

দীর্ঘদিন পর ভ্রমণ ভিসার আবেদন জমা নিচ্ছে ভারত, দেখা যায়নি ভিড়

বাংলা টিভি ডেস্ক: প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের পর্যটন (ভ্রমণ) ভিসার আবেদন ফরম গ্রহণ শুরু করেছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)।

সোমবার (২৯ জুন) সকাল ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন গ্রহণ কার্যক্রম শুরু হয়। তবে প্রথম দিনের চিত্রে ভিসা সেন্টারগুলোতে প্রত্যাশিত উপচে পড়া ভিড় দেখা যায়নি।

দীর্ঘদিন পর ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় ব্যাপক ভিড় হবে—এমন ধারণা থাকলেও সকালজুড়ে কেন্দ্রগুলোর পরিবেশ ছিল স্বাভাবিক। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আবেদন গ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্নভাবেই চলছে এবং এখন পর্যন্ত আবেদনকারীর সংখ্যা তুলনামূলকভাবে কম।

রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাক কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, উপস্থিত অধিকাংশই ছিলেন মেডিকেল ভিসার আবেদনকারী অথবা পাসপোর্ট সংগ্রহে আসা ব্যক্তি। পর্যটন ভিসার আবেদন জমা দিতে আসা মানুষের সংখ্যা ছিল খুবই কম।

আবেদন করতে আসা কয়েকজন জানান, দীর্ঘদিন পর ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় তারা খুশি হলেও স্লটভিত্তিক অনলাইন বুকিং ব্যবস্থার কারণে প্রক্রিয়াটি কিছুটা জটিল হয়ে পড়েছে।

একজন আবেদনকারী ইন্দ্রজিৎ বলেন, “ভিসা চালু হওয়া ভালো খবর, কিন্তু স্লট সিস্টেমের কারণে অনেক ভোগান্তি হচ্ছে।”

আরেক আবেদনকারী শফিকুল ইসলাম বলেন, “আগের তুলনায় প্রক্রিয়া জটিল হয়েছে, স্লট না পেলে অপেক্ষা করতে হচ্ছে।”

নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের আগে অনলাইনে স্লট বুক করতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ে আইভ্যাক কেন্দ্রে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে হবে। প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক আবেদনই গ্রহণ করা হবে।

এর আগে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালুর ঘোষণা দেয় ভারত। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত আইভ্যাক কেন্দ্রগুলোতে এই সেবা চালু হয়েছে। পরবর্তীতে অন্যান্য কেন্দ্রেও এটি সম্প্রসারণ করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত বাংলাদেশিদের নিয়মিত ভিসা ইস্যু স্থগিত করেছিল। পরে সীমিত পরিসরে মেডিকেল, ব্যবসা ও শিক্ষার্থী ভিসা চালু থাকলেও ট্যুরিস্ট ভিসা বন্ধ ছিল।

সংশ্লিষ্ট খবর

Back to top button