
স্পোর্টস ডেস্ক: জর্ডানের বিপক্ষে গোল করে বিশ্বকাপের ইতিহাসে নতুন এক রেকর্ড গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এই গোলের মাধ্যমে টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করার কীর্তি গড়ে তিনি ব্রাজিল কিংবদন্তি জাইরজিনিওর দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দিয়েছেন।
এর আগে ১৯৭০ সালের বিশ্বকাপে জাইরজিনিও গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত টানা ছয় ম্যাচে গোল করে অনন্য নজির স্থাপন করেছিলেন। সেই আসরে ব্রাজিল তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে।
মেসির এই ধারাবাহিক গোলযাত্রা শুরু হয় ২০২২ সালের কাতার বিশ্বকাপে। ওই আসরের নকআউট পর্বে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে তিনি গোল করেন। এরপর ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষেও গোল করে টানা ছয় ম্যাচে গোলের রেকর্ডে জাইরজিনিও ও ফ্রান্সের জাস্ট ফঁতেইঁর পাশে জায়গা করে নেন।
অবশেষে জর্ডানের বিপক্ষে গোল করে টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোলের অনন্য রেকর্ড নিজের নামে লিখিয়ে নেন মেসি। উল্লেখ্য, জাস্ট ফঁতেইঁ একই বিশ্বকাপ আসরে টানা ছয় ম্যাচে ১৩ গোল করেছিলেন। অন্যদিকে জাইরজিনিও ও মেসি এই কীর্তি গড়েছেন একাধিক বিশ্বকাপ মিলিয়ে। এখন সাত ম্যাচে টানা গোল করার রেকর্ডে এককভাবে শীর্ষে আছেন আর্জেন্টাইন মহাতারকা।



