বিএনপির শোডাউনে ছাত্রলীগের হামলা, ১০ নেতাকর্মী আহত

বাংলা টিভি ডেস্ক: পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপির একটি মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া ইউনিয়নের দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অন্তত ১০ নেতাকর্মী আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন, শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক কাওসার এবং ছাত্রদলের সহ-সভাপতি রাসেল। গুরুতর আহতদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
বিএনপি নেতাদের দাবি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে তারা মোটরসাইকেল শোভাযাত্রা বের করেছিলেন। শোভাযাত্রাটি দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের একদল নেতাকর্মী অতর্কিত হামলা চালায়। তাদের অভিযোগ, হামলাকারীরা দেশীয় অস্ত্র ব্যবহার করে নেতাকর্মীদের মারধর এবং ২০ থেকে ২৫টি মোটরসাইকেল ভাঙচুর করে।
উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করেন, স্থানীয় কয়েকজনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন হামলায় অংশ নেন। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



