বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা দিলো মার্কিন দূতাবাস

বাংলা টিভি ডেস্ক: যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধার অপব্যবহার করলে বিদেশি নাগরিকদের ভিসা বাতিলসহ কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
শনিবার (২৭ জুন) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, কোনো বিদেশি দর্শনার্থী বা অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসাধারী যদি যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানকার করদাতাদের অর্থে পরিচালিত কোনো পাবলিক বেনিফিট বা সুবিধার অপব্যবহার করেন কিংবা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তবে তাঁদের কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে।
এই ধরনের কর্মকাণ্ডে জড়ালে শাস্তিমূলক ব্যবস্থার কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিয়মের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তির বর্তমান মার্কিন ভিসা বাতিল করা হতে পারে। একই সঙ্গে তিনি ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য বলে বিবেচিত হতে পারেন।
যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং নিজের যাবতীয় খরচ নিজে বহন করার জন্য ভ্রমণকারীদের সম্পূর্ণ প্রস্তুত থাকার ওপর বিশেষভাবে জোর দিয়েছে মার্কিন দূতাবাস।



