Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতি

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি

বাংলা টিভি ডেস্ক: আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আড়ালে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও চিকিৎসক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বর্তমানে ভারতের ত্রিপুরার একটি বেসরকারি মেডিকেল কলেজে পাঠদান করছেন বলে জানা গেছে। সম্প্রতি কলেজটির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।

শনিবার (২৭ জুন) সকালে ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের এক স্টাফ নার্স জানান, অধ্যাপক প্রাণ গোপাল দত্ত সেখানে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন। তবে তিনি কতদিন ধরে ওই প্রতিষ্ঠানে কর্মরত আছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য দিতে পারেননি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আধুনিক শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনে চিকিৎসাবিষয়ক পাঠ দিচ্ছেন ডা. প্রাণ গোপাল দত্ত। তার পেছনের ডিজিটাল ডিসপ্লেতে চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন বিষয় উপস্থাপিত হচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নাক, কান ও গলা (ইএনটি) বিষয়ে একটি ক্লাস পরিচালনা করছিলেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতন হলে আওয়ামী লীগের অনেক নেতার মতো ডা. প্রাণ গোপাল দত্তও জনসমক্ষে আর দেখা দেননি। দেশে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। দীর্ঘ সময় তার অবস্থান নিয়ে নিশ্চিত তথ্য না মিললেও, সাম্প্রতিক ভিডিও প্রকাশের পর তিনি ভারতে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।

অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত নাক, কান ও গলা রোগের বিশেষজ্ঞ চিকিৎসক। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) সাবেক উপাচার্য। চিকিৎসা বিজ্ঞানে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে তিনি স্বাধীনতা পদকে ভূষিত হন। পরবর্তীতে রাজনীতিতে যোগ দিয়ে কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

সংশ্লিষ্ট খবর

Back to top button