Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০ জনে পৌঁছেছে। দেশটির ইতিহাসে এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এটি সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে এখনও বহু মানুষ আটকে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার তৎপরতা ধীরগতিতে এগোনোর কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। অনেকেই অভিযোগ করছেন, প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম ও জনবলের অভাবে সময়মতো সহায়তা পৌঁছাচ্ছে না।

শুক্রবার (২৬ জুন) দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ জানান, সরকারি হিসাবে মৃতের সংখ্যা ৯২০ জনে দাঁড়িয়েছে। এর আগে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছিলেন, ভূমিকম্পে অন্তত ৩ হাজার ৩৬০ জন আহত হয়েছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঙ্গরাজ্য পরিদর্শনকালে তিনি জানান, বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল ইতোমধ্যে সেখানে কাজ শুরু করেছে।

বিশেষজ্ঞদের মতে, ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকে থাকায় উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র জানা সম্ভব নয়।

বুধবার রাতে মাত্র এক মিনিটেরও কম ব্যবধানে রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে দ্বিতীয়টি ১৯০০ সালের পর ভেনেজুয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে। প্রাথমিক ভূতাত্ত্বিক বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, উপকূলীয় সান সেবাস্তিয়ান ফল্টে সৃষ্ট বড় ধরনের ফাটল থেকেই এই ভূমিকম্পের উৎপত্তি।

এদিকে আন্তর্জাতিক সহায়তার অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সিভিল প্রোটেকশন মেকানিজমের আওতায় স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ ও চেকিয়াসহ কয়েকটি দেশ বিশেষায়িত উদ্ধারকারী দল ও মানবিক সহায়তা পাঠিয়েছে। এছাড়া সুইজারল্যান্ড, মেক্সিকো, এল সালভাদর ও নেদারল্যান্ডস থেকেও উদ্ধারকারী দল ভেনেজুয়ায় পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button