Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

আন্তর্জাতিক ডেস্ক: চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ–চীন শীর্ষ বৈঠকে বাংলাদেশ, মিয়ানমার ও চীনকে সংযুক্ত করে একটি অর্থনৈতিক করিডোর গড়ে তোলার প্রস্তাব দিয়েছে বেইজিং। শুক্রবার (২৬ জুন) গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দ্বিপক্ষীয় বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, সম্ভাব্য এই করিডোরের লক্ষ্য হবে আঞ্চলিক যোগাযোগ জোরদার করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, পণ্য পরিবহন সহজ করা এবং বাংলাদেশের অর্থনীতিকে আরও গতিশীল করা।

তিনি আরও জানান, চীন চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নের মাধ্যমে এটিকে একটি আঞ্চলিক বাণিজ্যকেন্দ্রে পরিণত করতে আগ্রহী। পাশাপাশি মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও সেবার মান উন্নয়নেও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

দুই দেশের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তি, গণমাধ্যম, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে ম্যান্ডারিন ভাষা শিক্ষা এবং কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় বাংলাদেশকে শিক্ষক ও অবকাঠামোগত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে চীন।

স্বাস্থ্য খাতেও সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। আধুনিক হাসপাতাল স্থাপন, রোবোটিক সার্জারিসহ উন্নত চিকিৎসা ব্যবস্থায় সহায়তার পাশাপাশি বাংলাদেশিদের জন্য চিকিৎসা-সংক্রান্ত ভিসা প্রক্রিয়া সহজ করার আগ্রহ জানিয়েছে বেইজিং।

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের লক্ষ্যে প্রয়োজনীয় সংলাপ ও উদ্যোগে বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাসও দিয়েছে চীন। এছাড়া প্রথমবারের মতো পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ে দুই দেশের মধ্যে নিয়মিত সংলাপ চালুর বিষয়ে সমঝোতা হয়েছে।

এ ছাড়া, ব্রিকসে বাংলাদেশের যোগদানের আগ্রহকে চীন ইতিবাচকভাবে গ্রহণ করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়নে দীর্ঘমেয়াদি সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন প্রেসিডেন্ট শি জিনপিং।

সংশ্লিষ্ট খবর

Back to top button