Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

বাংলা টিভি ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় সকাল ৮টায়) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছিলেন, চীনের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে স্বাভাবিকভাবেই বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশের মানুষের উন্নয়ন-অগ্রযাত্রা আরও সুসংহত করার লক্ষ্যে ইতিবাচক ফলাফল বয়ে আনবেন।

আগামীতে বাংলাদেশ-চীন সম্পর্ক বহুমাত্রিক ক্ষেত্রে আরও গভীর হবে উল্লেখ করে মাহদী আমিন বলেন, কৌশলগত সহযোগিতা থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান, এবং উন্নয়ন প্রকল্প থেকে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক, সব ক্ষেত্রেই দুই দেশের দ্বিপক্ষীয় সম্পৃক্ততা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমরা মনে করি।

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে গত রোববার মালয়েশিয়ায় পৌঁছান তারেক রহমান। ওই দিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে বিকেল পৌনে ৩টায় শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে ফ্লাইটটি।

মালয়েশিয়ায় দুদিনের সফর শেষে সোমবার (২২ জুন) চীনের দালিয়ান পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সেখান থেকে বুলেট ট্রেনযোগে বেইজিং যাত্রা করেন তিনি। বুধবার (২৪ জুন) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে বেইজিং পৌঁছান তিনি। বেইজিংয়ে আনুষ্ঠানিক স্বাগত জানানোর পাশাপাশি চাউমিং রেলওয়ে স্টেশনে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দেশটির সঙ্গে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় বিকেলে বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক শেষে এসব সমঝোতা স্মারক সই হয়।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। এছাড়া মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারাও তার সফরসঙ্গী হয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button