নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক

বাংলা টিভি ডেস্ক: নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ আলী নরসিংদী শহরের কামারগাঁও এলাকার আবদুর রব মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি সেতু এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি কয়েকজনের সহযোগিতায় একটি কুকুরের গলায় ইট বেঁধে মেঘনা নদীতে ফেলে দেন। কিছুক্ষণের মধ্যেই কুকুরটি নদীর পানিতে তলিয়ে যায়।
এ ঘটনার সময় উপস্থিত এক ব্যক্তি পুরো ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং বিষয়টি জেলা পুলিশের নজরে আসে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এ আর এম আল মামুন বলেন, ভিডিও ফুটেজের ভিত্তিতে অভিযুক্তের পরিচয় শনাক্ত করে দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



