Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

বাংলা টিভি ডেস্ক: ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫ জনে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী কারলোস আলভ্যারাডো জানিয়েছেন, উদ্ধার হওয়া অনেক মানুষ হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দুঃখজনকভাবে অন্তত ২৩৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যারা হয় আগেই মারা গিয়েছিলেন, নয়তো হাসপাতালে আনার পথেই প্রাণ হারিয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড পলিসি রিসার্চ ভেনেজুয়েলার ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

প্রতিষ্ঠানটির মতে, বর্তমান নিষেধাজ্ঞা বহাল থাকলে বিদেশি সরকার, আন্তর্জাতিক সংস্থা এবং মানবিক সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোর জন্য ভেনেজুয়েলায় অর্থ ও ত্রাণ পাঠানো কঠিন হয়ে পড়বে। এতে ভূমিকম্প-পরবর্তী উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

সিইপিআরের আন্তর্জাতিক নীতি পরিচালক অ্যালেক্স মেইন বলেন, আগের দুর্যোগগুলোর সময়ও আমরা দেখেছি, মার্কিন নিষেধাজ্ঞা ভূমিকম্প-পরবর্তী ত্রাণ কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে।

তিনি আরও বলেন, ভেনেজুয়েলা সরকারকে অবশ্যই ভূমিকম্প-পরবর্তী ত্রাণ গ্রহণ, বণ্টন এবং ক্ষতিগ্রস্ত মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার স্বাধীনতা দিতে হবে। বর্তমান মার্কিন ও অন্যান্য নিষেধাজ্ঞা এই ত্রাণ কার্যক্রমকে দুর্বল করে দেওয়ার ঝুঁকি তৈরি করছে। সূত্র: আল-জাজিরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button