
বাংলা টিভি ডেস্ক: জুলাই আন্দোলনের চেতনা নিয়ে ব্যক্তিস্বার্থে রাজনীতি বা সুবিধা নেওয়ার প্রবণতার সমালোচনা করেছেন সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান। তিনি বলেন, জুলাইয়ের আদর্শকে বিক্রি করার বিষয় নয়, বরং তা হৃদয়ে ধারণ করার বিষয়।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
আক্তারুজ্জামান বলেন, জুলাই আন্দোলনে তিনি নিজেও অংশ নিয়েছেন এবং দেশের অনেক মানুষ ও তরুণ-তরুণী এতে সম্পৃক্ত ছিলেন। তবে তার দাবি, কিছু ব্যক্তি এখন জুলাইয়ের চেতনার কথা বলে ব্যক্তিগত সুবিধা অর্জনের চেষ্টা করছেন।
তিনি বলেন, একসময় যারা সাধারণ জীবনযাপন করতেন, এখন তারা বিলাসবহুল গাড়িতে চলাফেরা করছেন এবং জুলাইয়ের চেতনার কথা বলে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন। তাদের অতীত ও বর্তমান জীবনযাত্রার পরিবর্তন জনসম্মুখে তুলে ধরার আহ্বানও জানান তিনি।
বাজেট প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো ও সামাজিক সুরক্ষা খাতে গুরুত্বপূর্ণ বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও কর-সুবিধার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনায় বিনিয়োগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য বাংলাদেশকে আরও সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে পরিণত করা।
বক্তব্যের এক পর্যায়ে তিনি স্বাধীনতা যুদ্ধ ও জুলাই আন্দোলনের মূল্যবোধকে একসঙ্গে ধারণ করার আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বাধীনতার ইতিহাসকে অস্বীকার না করে একইসঙ্গে জুলাইয়ের আত্মত্যাগকেও সম্মান জানানো উচিত। তার ভাষায়, “আমরা স্বাধীনতাকে জুলাই দিয়ে মুছে ফেলতে চাই না; আমরা উভয় ইতিহাসকেই হৃদয়ে ধারণ করতে চাই।”



