Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

শিক্ষার্থীদের মিড ডে মিলে কাঁচা ডিম, অভিভাবকদের ক্ষোভ

বাংলা টিভি ডেস্ক: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার মহিষারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মিড ডে মিলে সিদ্ধ ডিমের পরিবর্তে কাঁচা ডিম সরবরাহের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

বুধবার (২৪ জুন) বিদ্যালয়ে মিড ডে মিল বিতরণের সময় এ ঘটনা ঘটে। রুটির সঙ্গে শিক্ষার্থীদের হাতে ডিম দেওয়া হলেও পরে দেখা যায় সেগুলো সিদ্ধ নয়, কাঁচা।

অনেক শিক্ষার্থী ডিম খেতে না পেরে তা বাড়িতে নিয়ে যায়, কেউ কেউ ফেলে দেয় বলেও জানা গেছে। শিশুদের পুষ্টি নিশ্চিত করার এই কর্মসূচিতে এমন অনিয়ম নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এক শিক্ষার্থী জানায়, রুটির সঙ্গে ডিম দেওয়া হলেও তা সিদ্ধ ছিল না, তাই তারা খেতে পারেনি।

অভিভাবকরা অভিযোগ করেন, এটি প্রথমবারের ঘটনা নয়; দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ের মিড ডে মিল ব্যবস্থাপনায় অনিয়ম চলছে। তারা বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এক অভিভাবক রাবিয়া সুলতানা বলেন, সরকারের পুষ্টি কর্মসূচিতে এভাবে কাঁচা ডিম দেওয়া অনাকাঙ্ক্ষিত। পরে বাসায় নিয়ে ডিম সিদ্ধ করে খাওয়াতে হয়েছে।

এ বিষয়ে মিড ডে মিলের ঠিকাদার মহসিন জানান, সাধারণত ডিম সিদ্ধ করেই সরবরাহ করা হয়, তবে সময়স্বল্পতার কারণে কিছু ডিম সিদ্ধ করা সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহাগ বৈষ্ণব বলেন, ঈদের ছুটির পর থেকে বেশ কয়েক দিন ধরে সিদ্ধ ডিমের বদলে কাঁচা ডিম সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দানিসুজ্জামান জানান, তিনি বর্তমানে ছুটিতে থাকায় বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানেন না।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, মিড ডে মিল কর্মসূচির ব্যবস্থাপনা ঠিকাদারের মাধ্যমে পরিচালিত হয়। তবে কোনো অনিয়মের অভিযোগ পেলে তা অধিদপ্তরে জানানো হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button