‘একটি আসনের বিনিময়ে আদর্শ বিকিয়ে দিলেন’, তাসনিম জারার পোস্ট

বাংলা টিভি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা এক আসনের বিনিময়ে আদর্শ বিকিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন। কোনো ব্যক্তি বা দলের নাম উল্লেখ না করলেও তার মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
বুধবার (২৪ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তাসনিম জারা লেখেন, “সামনের সারির একটি আসনের বিনিময়ে সেই সব নীতি বিকিয়ে দেওয়া হয়েছে, যা একসময় আমাদের বিশ্বাস করতে বলা হয়েছিল।”
তিনি আরও লেখেন, “একটি আসন যেমন এক দিনে দেওয়া যায়, তেমনি এক দিনে কেড়েও নেওয়া যায়। কিন্তু আদর্শ এমন একটি বিষয়, যা কেউ দিতে পারে না বা কেড়ে নিতে পারে না—যদি না কেউ নিজেই তা হারায়।”
এদিকে সম্প্রতি ১১ দলীয় জোটের একটি সমাবেশে মঞ্চের নিচের সারিতে নারীদের বসার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে এনসিপি নেত্রী সামান্তা শারমিনের একটি পোস্টের পর থেকে আলোচনার সূত্রপাত হয়।
ধারণা করা হচ্ছে, ওই ঘটনাকে কেন্দ্র করেই তাসনিম জারার এই মন্তব্য প্রকাশ পেয়েছে।



