
টঙ্গী, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির শিকার হয়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে টঙ্গী পূর্ব থানার স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৭টার দিকে চলন্ত একটি বাসে এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। এ সময় বাসের যাত্রীরা তাকে আটক করেন। পরে ঘটনাস্থলে উপস্থিত জনতা তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত যুবককে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানার তদন্ত পরিদর্শক মো. জিল্লুর রহমান বলেন, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। পুলিশ গণপিটুনির ঘটনায় জড়িতদের শনাক্ত করার বিষয়েও কাজ করছে।



