Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক: মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য, সহযোগিতা ও পারস্পরিক সংহতি জোরদারে শক্তিশালী রাষ্ট্রগুলোর সমন্বয়ে একটি কার্যকর জোট গঠনের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

মঙ্গলবার (২৩ জুন) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ প্রস্তাব তুলে ধরেন বলে জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।

বৈঠকে পেজেশকিয়ান বলেন, বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক বাস্তবতায় মুসলিম দেশগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতা প্রয়োজন। তার মতে, পারস্পরিক ঐক্য জোরদার হলে মুসলিম দেশগুলো নিজেদের স্বার্থ আরও কার্যকরভাবে রক্ষা করতে পারবে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বিভিন্ন আঞ্চলিক সংকট মোকাবিলা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় পাকিস্তান সরকার, জনগণ ও সামরিক নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে দুই দেশের সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন।

ইরানের প্রেসিডেন্ট দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক চাপের মুখেও ইরানের সরকার, জনগণ এবং সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ অবস্থান বজায় রেখেছে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিপক্ষের উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

পেজেশকিয়ান আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তেহরান ও ইসলামাবাদের সম্পর্ক রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ক্ষেত্রে আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি মুসলিম বিশ্বের বিপুল মানবসম্পদ, অর্থনৈতিক সক্ষমতা ও রাজনৈতিক শক্তিকে কাজে লাগিয়ে যৌথ অগ্রযাত্রার ওপর তিনি গুরুত্ব দেন।

বৈঠকে ফিল্ড মার্শাল আসিম মুনিরও মুসলিম বিশ্বের মধ্যে ঐক্য ও সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, কোনো মুসলিম দেশকে সংকটের মধ্যে একা ফেলে রাখা উচিত নয়। ইসলামী বিশ্বের শান্তি, স্থিতিশীলতা এবং পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।

দুই পক্ষই আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button