
বাংলা টিভি ডেস্ক: বর্তমানে দেশে গুম, ক্রসফায়ার নেই বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বুধবার (২৪ জুন) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলারও অবসান ঘটেছে জানিয়ে রিজভী বলেন, আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর প্রসঙ্গে তিনি বলেন, এই সফরের মাধ্যমে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে। চীন সফরে বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে প্রধানমন্ত্রী যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
রিজভী বলেন, বাংলাদেশকে আর পরনির্ভরশীল অবস্থায় রাখা হবে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করে আত্মনির্ভর ও সক্ষম রাষ্ট্র গড়ে তোলাই সরকারের লক্ষ্য। একটি গোষ্ঠি দেশকে অস্থিতিশীল করতে চায় জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।
বিরোধীদলের সমালোচনা করে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা বলেন, বিরোধী দল নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে। অথচ তাদের নিজেদের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে। তবে দেশবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।



