Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে আগুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ‘রাজশাহী স্টোর’ নামের একটি দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারপাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ও ধোঁয়ার সৃষ্টি হয়।

খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ব্যবসায়ীদের দাবি আগুনে তাদের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মার্কেটের ব্যবসায়ী ও স্থানীয় জনতা সেখানে ভিড় জমান। ব্যবসায়ীরা জানান, সকাল বেলা দোকান খোলার পরপরই বা খোলার প্রস্তুতি নেয়ার মুহূর্তে এই দুর্ঘটনা ঘটে। চোখের পলকে মালামাল পুড়ে ছাই হয়ে যাওয়ায় অনেক ব্যবসায়ী কান্নায় ভেঙে পড়েন। তাদের দাবি, আগুনে পুড়ে যাওয়া ও ধোঁয়ায় নষ্ট হওয়া মালামালের কারণে ক্ষতির পরিমাণ অনেক বড় অঙ্কের। অনেকেই এখন প্রশাসনের কাছে আর্থিক সহায়তার দাবি জানাচ্ছেন।

অগ্নিকাণ্ডের বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহবুব উজ জামান জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে অবস্থা আরো ভয়াবহ হলে শিবগঞ্জ উপজেলা ও নাচোল উপজেলা থেকে আরো ৩টি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টার সম্মিলিত চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

তিনি আরও জানান, আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটনে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত চলছে। একই সাথে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর তালিকা তৈরি করে কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপণের কাজও চলমান রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button