Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

ডব্লিউইএফ সম্মেলনের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলা টিভি ডেস্ক: চীনের তালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এর প্ল্যানারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৪ জুন) সকালে তালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’ শীর্ষক এই সেশন শুরু হয়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস সিঙ্গি সেখানে উদ্বোধনী বক্তব্য দেন।

চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকটেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসোরিন উচরাল, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই পর্বে যোগ দেন।

প্রধানমন্ত্রীর প্রেস অফিস জানিয়েছে, এই বৈঠকের ফাঁকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারেক রহমান।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই বার্ষিক আয়োজন ‘সামার দাভোস’ নামে পরিচিত। বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিদেশে কোনো আন্তর্জাতিক ফোরামে এটাই তারেক রহমানের প্রথম অংশগ্রহণ।

মালয়েশিয়া থেকে সোমবার চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর তালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকালে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস সিঙ্গি। বিনিয়োগ ও কর্মসংস্থানের মত বিষয়গুলো তাদের আলোচনায় গুরুত্ব পায়।

মঙ্গলবার সন্ধ্যায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘ক্লাইমেট লিডারশিপ ইন আ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক সেশনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু তহবিলের প্রতিশ্রুত অর্থ দ্রুত ছাড় করতে শিল্পোন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, ‘জলবায়ু কার্যক্রম কোনো ব্যয় নয়; এটি আমাদের সমৃদ্ধি, স্থিতিশীলতা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিহার্য বিনিয়োগ।’

তালিয়ানের ‘সামার দাভোসে’ অংশ নেওয়া সরকারপ্রধানদের সম্মানে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের দেওয়া নৈশভোজেও অংশ নেন প্রধানমন্ত্রী।

বুধবার সকালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’ এর প্ল্যানারি সেশনে যোগ দেওয়ার পর স্থানীয় সময় দুপুর ২টায় তালিয়ান থেকে হাই স্পিড ট্রেনে প্রধানমন্ত্রী বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button