Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতি

‘ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করুন, নইলে যাওয়ার পথ খুঁজুন’

বাংলা টিভি ডেস্ক: জুলাই হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়ে সরকারের প্রতি কড়া বার্তা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিচার নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে, অন্যথায় জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে ‘আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংঘটিত সকল গুম, খুন ও গণহত্যার বিচার দাবিতে’ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, দীর্ঘ সময়ের স্বৈরশাসনের পর মানুষ একটি নতুন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের প্রত্যাশা করেছিল। তবে বর্তমান সরকারের কর্মকাণ্ডে সেই আশাবাদ অনেকের মধ্যে প্রশ্নের মুখে পড়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ক্ষমতায় আসার আগে বিচার ও জবাবদিহিতার যে অঙ্গীকার করা হয়েছিল, বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সহিংসতার বিভিন্ন ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে বলেও দাবি করেন তিনি।

সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বৃদ্ধির অভিযোগ তুলে তিনি বলেন, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংকিং খাতসহ বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবের অভিযোগ সামনে আসছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য ইতিবাচক নয়।

জামায়াত আমির আরও বলেন, অতীতের অন্যায় ও মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করা না গেলে জনগণের মধ্যে হতাশা তৈরি হবে। তিনি শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান দেখিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।

সমাবেশে গাইবান্ধায় ছাত্রশিবিরের এক নেতার হত্যার ঘটনাও তুলে ধরেন তিনি। এ ধরনের ঘটনা কোনো আদর্শ বা রাজনৈতিক বিশ্বাসকে দমিয়ে রাখতে পারে না বলে মন্তব্য করেন।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোওয়ারীসহ অন্যান্য নেতারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button