আ. লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলো স্বজন ও নেতাকর্মীরা

বাংলা টিভি ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা ও পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে আটক করতে গিয়ে বিতর্কিত পরিস্থিতির মুখে পড়ে পুলিশ। এ সময় তাকে পুলিশি হেফাজত থেকে স্বজন ও সমর্থকেরা নিয়ে গেছেন বলে স্থানীয়দের দাবি।
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে শহরের আড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের প্রস্তুতি চলছিল। এ উপলক্ষে জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু নিজ বাড়ির নিচতলায় অবস্থিত দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন। সেখানে দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। উপস্থিত স্বজন ও সমর্থকদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির একপর্যায়ে বিজুকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদকর্মীদের হাতে পৌঁছেছে। ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যদের উপস্থিতিতে হট্টগোলের মধ্যে মোস্তাফিজুর রহমান বিজুকে ঘিরে টানাহেঁচড়ার ঘটনা ঘটছে এবং একপর্যায়ে তিনি জনতার সঙ্গে সেখান থেকে চলে যান।
তবে পুলিশের পক্ষ থেকে ভিন্ন বক্তব্য দেওয়া হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর খবর পেয়ে মোস্তাফিজুর রহমান বিজু সেখান থেকে পালিয়ে যান। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন পড়ে যায়, যা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।
ঘটনার বিষয়ে দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা থাকায় প্রকৃত পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে।



