ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত

বাংলা টিভি ডেস্ক: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দেশের ১৩টি সিটি করপোরেশনের মধ্যে আটটিতে সম্ভাব্য মেয়র প্রার্থী বাছাই করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২২ জুন) দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রার্থীদের নাম দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিশে শুরায় উপস্থাপন করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
প্রাথমিক তালিকা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণে সাবেক ডাকসু ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম) মেয়র পদে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।
এ ছাড়া চট্টগ্রামে নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, গাজীপুরে উসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, বরিশালে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল, রংপুরে মহানগর আমির এ টি এম আজম খান, খুলনায় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান এবং নারায়ণগঞ্জে মহানগর আমির মোহাম্মদ আবদুল জব্বারকে প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
অন্যদিকে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা ও নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের জন্য এখনো কোনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি। এসব এলাকায় সম্ভাব্য কয়েকজনকে নিয়ে আলোচনা চলছে এবং পর্যবেক্ষণ শেষে দল সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।



