Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মাদক উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়া ও মেহেরপুরের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে প্রায় ২০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ভারতীয় মদ ও চোরাচালান পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৩ জুন) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টা ৪০ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার প্রাগপুর কবরস্থান এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৩৫০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ ১৯ হাজার ২৫০ টাকা।

এর আগে, সোমবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে বিলগাথুয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পশ্চিম বিলগাথুয়া মাঠে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৬ বোতল ভারতীয় মদ, ৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৪০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ১ লাখ ৬৮ হাজার টাকা।

এদিকে, মেহেরপুরের গাংনী সিমান্তে মঙ্গলবার ভোর ৪টা ৪০ মিনিটের দিকে শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা মাঠে আরেকটি অভিযান পরিচালনা করে বিজিবি। এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ এবং ৩ হাজার ৯৯৯ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ১১ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা।

বিজিবি জানায়, তিনটি অভিযানে উদ্ধার হওয়া মালামালের মোট সিজার মূল্য ১৯ লাখ ৮৬ হাজার ৯৫০ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে তাদের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত এবং সীমান্ত সুরক্ষায় বিজিবি ভবিষ্যতেও আরও জোরালোভাবে দায়িত্ব পালন করবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button