
বাংলা টিভি ডেস্ক: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি নিজেকে জুলাইযোদ্ধা পরিচয় দিয়েছিলেন।
মঙ্গলবার (২৩ জুন) বেলা ১২টার দিকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম সাখাওয়াত হোসেন। পুলিশ জানায়, ধানমন্ডি ৩২ এলাকায় একটি ভাঙা বাড়ির ছবি ও ভিডিও ধারণ করছিলেন ওই ব্যক্তি। সন্দেহ হলে পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তবে তিনি সেখানে উপস্থিত থাকার কারণ বা ছবি–ভিডিও করার বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের সময় তার কাছে ব্যবহৃত মোবাইল ফোন দেখতে চাইলে তিনি সেটি দিতে অস্বীকৃতি জানান। পরে তাকে আটক করে থানায় নেয়া হয়। ঘটনার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



