Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রী

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলা টিভি ডেস্ক: মালয়েশিয়ায় সরকারি সফর সম্পন্ন করে চীনের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে তিনি ও তার সফরসঙ্গীরা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন। চীনের দালিয়ান হয়ে বেইজিংয়ে অনুষ্ঠিত হবে তার সফরের মূল কার্যক্রম।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সফরের প্রথম গন্তব্য দালিয়ান। সেখানে দুই দিনের অবস্থানকালে প্রধানমন্ত্রী বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেবেন। পরবর্তীতে তিনি বেইজিংয়ে যাবেন, যেখানে সরকারি সফরের গুরুত্বপূর্ণ বৈঠক ও আনুষ্ঠানিক কর্মসূচি অনুষ্ঠিত হবে।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বিশেষ ভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান ও তার সহধর্মিণী। এ সময় মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম এবং ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকাও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের চার মাস পর এটি তারেক রহমানের প্রথম বিদেশ সফর। এ সফরে তার সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মালয়েশিয়া সফরে ২৩ সদস্যের প্রতিনিধি দল অংশ নিলেও চীন সফরে প্রতিনিধি দলে আরও একজন সদস্য যুক্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, চীন সফরে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button