প্রকাশ্যে খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা

বাংলা টিভি ডেস্ক: সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে দান করা অর্থ প্রথমবারের মতো সবার সামনে গণনা করা হচ্ছে। সোমবার দুপুর আড়াইটার দিকে সিল করা ডেকচির ঢাকনা খুলে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। ব্যতিক্রমী এ উদ্যোগকে ঘিরে মাজার প্রাঙ্গণে ভক্ত, দর্শনার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এই গণনা কার্যক্রমে অংশ নিয়েছেন মাদরাসার শিক্ষার্থীরা। পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে।
দান গণনার খবর ছড়িয়ে পড়লে মাজার এলাকায় উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে। অনেকে দীর্ঘ সময় ধরে সেখানে অবস্থান করে পুরো কার্যক্রম প্রত্যক্ষ করেন। এর আগে কখনো প্রকাশ্যে দানের অর্থ গণনা না হওয়ায় ঘটনাটি স্থানীয়দের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, গণনা শেষে মোট দানের পরিমাণ নির্ধারণ করা হবে। পরবর্তীতে অর্থ সংরক্ষণ ও ব্যবস্থাপনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক মন্তব্য করেননি।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্ত ও দর্শনার্থীরা হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে দান করে আসছেন। এবার প্রশাসনের তত্ত্বাবধানে প্রকাশ্যভাবে সেই অর্থ গণনার উদ্যোগ নেওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।



