
বাংলা টিভি ডেস্ক: নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে আটকের পর দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (২১ জুন) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি (দফতরের দায়িত্বে) নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে প্রথামিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃতদের কোনও অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হলো।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক। তিনি বলেন, ‘কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছে বলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ পেয়েছে, তা নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না।’
এর আগে শনিবার (২০ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় তাকে আটক করা হয়েছে।
পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সজীবকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।
সজীবের বিরুদ্ধে আনা অভিযোগ এবং আটকের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।



