প্রেমিকার বাড়িতে মিলল প্রেমিকের লাশ

বাংলা টিভি ডেস্ক: নরসিংদীর রায়পুরায় তিন দিন নিখোঁজ থাকার পর ওয়ালিদ হাসান (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং প্রাথমিকভাবে প্রেমঘটিত বিরোধকে হত্যাকাণ্ডের কারণ হিসেবে সন্দেহ করা হচ্ছে।
শনিবার (২০ জুন) দিবাগত রাতে উপজেলার চাঁন্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর মধ্যপাড়া গ্রামের একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ওয়ালিদ ওই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওয়ালিদকে শ্বাসরোধে হত্যার পর তার মরদেহ বাড়ির উঠানে ফেলে রাখা হয়। পরে কাপড়ে মুড়িয়ে লাশ গুমের চেষ্টা চলছিল বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
প্রাথমিক সুরতহালে নিহতের গলায় কালো দাগের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে গলায় বৈদ্যুতিক তার পেঁচিয়ে হত্যা করা হতে পারে।
এ ঘটনায় জাকির মিয়া, তার স্ত্রী ফরিদা আক্তার ও দুই মেয়ে—মিন্নি ও প্রাণা আক্তারকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে বলে জানা গেছে। অভিযুক্তদের মধ্যে জাকির মিয়া বর্তমানে পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, নিহত ওয়ালিদের সঙ্গে জাকির মিয়ার মেয়ে প্রাণা আক্তারের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্ককে কেন্দ্র করেই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।
রায়পুরা থানার উপ-পরিদর্শক নাজমুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



