বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন দীনেশ ত্রিবেদী

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত দীনেশ ত্রিবেদী আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র (লেটার অব ক্রিডেন্স) পেশ করবেন বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে শনিবার তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রাষ্ট্রাচারপ্রধান (চিফ অব প্রটোকল) এ এফ এম জাহিদ উল ইসলামের কাছে তার পরিচয়পত্রের অনুলিপি জমা দেন। একই দিনে তিনি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র অনুযায়ী, ভারতের ১৬তম হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী গত ৫ জুন স্থলপথে বাংলাদেশে পৌঁছান। তিনি দুই দেশের কূটনৈতিক ইতিহাসে প্রথম রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ঢাকায় হাইকমিশনারের দায়িত্ব গ্রহণ করছেন।
কূটনৈতিক প্রথা অনুযায়ী, দায়িত্ব গ্রহণের প্রাথমিক ধাপ হিসেবে তিনি ইতোমধ্যে বিভিন্ন আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করছেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে তার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।
উল্লেখ্য, একই ধরনের প্রোটোকল অনুসরণ করে চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনও দায়িত্ব গ্রহণের প্রাথমিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিলেন।



