দেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তিনটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ সামনে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তার মতে, রাষ্ট্র সংস্কারের কার্যকর বাস্তবায়ন, জাতীয় সার্বভৌমত্বের সুরক্ষা এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় রাজনৈতিক অগ্রাধিকার।
শনিবার (২০ জুন) খুলনা সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ নিরসনসহ বিভিন্ন দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জনগণের প্রত্যাশা ও দাবির সঙ্গে সাংঘর্ষিক কোনো সমঝোতা বা আপস মেনে নেওয়া হবে না। সংস্কার ও ন্যায়বিচারের দাবিতে অতীতে যেমন আন্দোলন হয়েছে, ভবিষ্যতেও সেই অবস্থান অব্যাহত থাকবে।
তিনি অভিযোগ করেন, খুলনাসহ দেশের বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে দলীয়করণের প্রভাব বিস্তার করা হয়েছে। তার দাবি, খুলনা সিটি করপোরেশন (কেসিসি), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ), জেলা পরিষদ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানেও রাজনৈতিক বিবেচনায় লোক নিয়োগ দেওয়া হয়েছে।
দুর্নীতি, সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে জনসচেতনতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্যের প্রভাব এড়িয়ে জনগণকে দেশের স্বার্থে গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখতে হবে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এছাড়া এলডিপির চেয়ারম্যান ড. অলি আহমদ বীর বিক্রম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির সাখাওয়াত হোসাইন এবং জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।



