Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতি

‘আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত হোন’

বাংলা টিভি ডেস্ক: শোষণ, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন এক গণআন্দোলনের প্রস্তুতির আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তার ভাষায়, এই আন্দোলনের উদ্দেশ্য কোনো ব্যক্তি, পরিবার বা দলের ক্ষমতা প্রতিষ্ঠা নয়; বরং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষা করা।

শনিবার (২০ জুন) বিকেলে খুলনা সার্কিট হাউজ ময়দানে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, একটি মানবিক, ন্যায়ভিত্তিক এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি যুবকদের দেশ গড়ার এই সংগ্রামে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

বক্তব্যে তিনি বিএনপিরও সমালোচনা করেন। তার দাবি, দলটি জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। একই সঙ্গে তিনি বিএনপিকে নিজেদের ভুল সংশোধন করে জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবস্থান গ্রহণের আহ্বান জানান।

নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির অভিযোগ করেন, বিভিন্ন অনিয়ম ও প্রভাব খাটিয়ে ভোটের ফলাফল প্রভাবিত করা হয়েছে। তবে দেশের স্থিতিশীলতা ও সংঘাত এড়ানোর স্বার্থে তারা সেই ফলাফল মেনে নিয়েছিলেন বলে উল্লেখ করেন।

তিনি বলেন, দেশের স্বার্থ ও জনগণের অধিকারের প্রশ্নে কোনো ধরনের চাপ বা ভয়ভীতি তারা মেনে নেবেন না এবং অন্যায়ের বিরুদ্ধে তাদের অবস্থান অব্যাহত থাকবে।

সীমান্ত পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, প্রতিবেশী একটি দেশ তাদের নাগরিকদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। এ সময় সীমান্ত রক্ষায় দায়িত্ব পালনকারী বিজিবির প্রশংসা করে তিনি বলেন, দেশের মানুষ বাহিনীটির পাশে রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোনো ধরনের আধিপত্যবাদ মেনে নেবে না। জাতীয় স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত জনগণ গ্রহণ করবে না বলেও তিনি মন্তব্য করেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে এলডিপির চেয়ারম্যান ড. অলি আহমদ বীর বিক্রম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button