Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতি

আ’লীগের সমর্থকদের সঙ্গে বিএনপিপন্থীদের তুমুল সংঘর্ষে আহত ১৬

বাংলা টিভি ডেস্ক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার ফলসী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের বরাতে জানা যায়, শুক্রবার পুকুরের মাছ ধরা নিয়ে সন্দেহের জেরে ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) এক কর্মী রকিবুল ইসলাম মারধরের শিকার হন। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান বজলুর রহমানের ছোট ভাই।

এই ঘটনার জেরে শনিবার সকালে বোয়ালিয়া গ্রামে ইউপি চেয়ারম্যান বজলুর রহমানের সমর্থক ও বিএনপি-সমর্থিত সাবেক ইউপি সদস্য মশিয়ার রহমানের অনুসারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হন। আহতদের মধ্যে পাঁচজনকে ঝিনাইদহ সদর হাসপাতাল এবং তিনজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, যেকোনো সময় আবারও উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে।

সাবেক ইউপি সদস্য মশিয়ার রহমান অভিযোগ করেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। এতে তাদের ৬-৭ জন আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

অন্যদিকে ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট বজলুর রহমান বলেন, এটি কোনো রাজনৈতিক সংঘাত নয়; বরং মাছ ধরা নিয়ে স্থানীয় বিরোধের জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

হরিণাকুন্ডু থানার পুলিশ জানিয়েছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button